বইপ্রেম সৃষ্টি করছে একটি নিঝুম পল্লীতে প্রতিষ্ঠিত ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’। বিজ্ঞানের চরম উৎকর্ষতার এ শতাব্দিতে ইন্টারনেটের বদৌলতে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে যখন পাঠাগারে বসে বই ও পত্রিকা পড়ার রেওয়াজ প্রায় বিলুপ্ত হতে চলেছে, তখন মৌলভীবাজার জেলার একটি নিঝুম পল্লীর একটি পাঠাগারে বসে বই ও পত্রিকা পড়ছে বিভিন্ন শ্রেষী-পেশার বিভিন্ন বয়সী মানুষ। তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও বই ও পত্রিকা পড়তে জমায়েত হচ্ছেন এ পাঠাগারে। শুধু তাই নয়, অনেকে এ পাঠাগার থেকে বই বাড়ীতে নিয়েও পড়ছেন। আরও অবাক হবার মতো বিষয় হলো- একটি নিঝুম পল্লীর এ পাঠাগারে শিশুতোষ, ইতিহাস, ভ্রমণকাহিনি, ছড়া ও কবিতা ইত্যাদি বই রয়েছে ২ হাজার ৫০০ এর মতো। আর, এ পাঠাগারের পাঠক সদস্যসংখ্যা রয়েছে ২৫০ জন- যা বর্তমান সময়ে প্রায় অসাধ্য সাধন। ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ প্রতিষ্ঠা করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ অসাধ্য সাধনে সক্ষম হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁও ইউনিয়নস্থিত আশ্রয়গ্রামের নাগরিক ও টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না)। বই পড়ার সাথে প্রায় ৩০ বছরের সম্পর্ক তার। এরই ধারাবাহিকতায় তিনি নিজ এলাকার মানুষের মধ্যে পাঠাভ্যাস সৃষ্টির মাধ্যমে তার মরহুম পিতা সৈয়দ জুনাব আলী ও মাতা আনোয়ার বেগমের স্মৃতি বাঁচিয়ে রাখার লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারী ২০১৭ সালে সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠা করেন। সেইথেকে শুরু হয় তার বই সংগ্রহ, পাঠাভ্যাস সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম- যা এখনও অব্যাহত রয়েছে। তার অবিরাম প্রচেষ্টার ফলে বর্তমানে সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারের সংগ্রহে রয়েছে ২ হাজার ৫০০ এর মতো বিভিন্ন বই এবং ২৫০ জন পাঠক সদস্য। এর আগে বিগত ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে এটি মৌলভী-০৪/২০২৪ নম্বরে পাঠাগার তালিকাভূক্ত হয়। কুলাউড়া উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের নিঝুম পল্লী আশ্রয়গ্রামে অবস্থিত সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারটি শুধু আশ্রয়গ্রামেই নয়, আশপাশের কয়েকটি গ্রামেও ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো। বিকালবেলায় এলাকার তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও বই ও পত্রিকা পড়তে পাঠাগারে জমায়েত হন। স্কুল ছুটির পর ছাত্ররাও আসে বই পড়তে। বিশেষ করে প্রতি শুক্রবার ও শনিবার বই পড়তে অনেক ছাত্রের সমাগম ঘটে। আশ্রয়গ্রামের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাঠাগারে বসে বই ও খবরের কাগজ পড়ার প্রায় বিরল। এদিক থেকে ব্যতিক্রম সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার। আশ্রয়গ্রাম ছাড়াও আশপাশের গ্রাম বালিয়া, লালবাগ, ইছবপুর, জালালপুর, বিজলী, চানপুর ও নয়াবাজার গ্রামের বইপ্রেমীরা পাঠাগারের সদস্য হয়েছেন এবং বিভিন্ন বই বাড়ীতে নিয়ে পড়াশোনা করেন। আশ্রয়গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের শিশু ও তরুণরা মাদকসহ বাজে কাজে লিপ্ত না হয়ে পাঠাগারে এসে বই পড়ছে এবং বই নিচ্ছে। এভাবেই জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে ‘সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’।
সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না) একজন সাবেক সাংবাদিক। একাধারে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর কেন্দ্রীয় আজীবন সদস্য, কবি নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য, বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহযোগী সদস্য এবং পাহাড় রক্ষা ও উন্নয়ন সোইটি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না) দৈনিক খবরপত্রকে জানান- এখানে যেকোনো শ্রেণীর, যেকোন বয়সের, যেকোনো পেশার মানুষ বই ও পত্রিকা পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারেন। ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মসহ নিত্যনতুন তথ্য জানতে পারেন। বই পড়ার চর্চা যত বাড়বে ততোই মঙ্গল। আর্থিক সক্ষমতা অর্জন করতে পারলে ভবিষ্যতে কিছু ভূমি ক্রয় করে বড় পরিসরে ‘সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ শিরোনাম
‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে
-
ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার - আপডেট সময় ০২:৪২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















