বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক নবগঠিত গাজীপুর মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ মিছিল থেকে গাজীপুর মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইমরান রেজা। সিনিয়র সহসভাপতি করা হয়েছে মাহমুদ হাসান রাজুকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। এ ছাড়া প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হোসেন মন্ডলকে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নতুন কমিটি ঘোষণার পর মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইলসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তাঁদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
গাজীপুর মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে মহানগর যুবদলের আনন্দ মিছিল
-
বশির আলম (টঙ্গী) গাজীপুর : - আপডেট সময় ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 12
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















