দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু, নারী ও অসুস্থ রোগীদের চলাচলে ছিল চরম ভোগান্তি। বিশেষ করে কোলে শিশু নিয়ে আসা মায়েদের পোহাতে হতো দুর্ভোগ। অবশেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন সড়কের ৪০০ মিটার অংশের সংস্কার, প্রশস্তকরণ ও আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কাজটি সম্পন্ন হয়। প্রায় ৭৩ লাখ টাকা ব্যয়ে এ উন্নয়নকাজ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সড়কটির কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কসংলগ্ন বাসিন্দা হাবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করা ছিল কষ্টকর। সড়কটির উন্নয়ন হওয়ায় এখন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তিনি। হাসপাতালে সেবা নিতে আসা রজব আলী বলেন, ভাঙা সড়কের কারণে আগে হাসপাতালে আসা-যাওয়ায় দুর্ভোগ হতো। নতুন করে সড়কটি নির্মাণ হওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের জন্য যাতায়াত সহজ হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। ফলে সড়কটি শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের যাতায়াতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু ও মা-সহ অসুস্থ রোগীদের ভাঙা সড়কে চলাচলের দুর্ভোগ ছিল বেশি। স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা-আরঅ্যান্ডএইচ সড়কের ব্রিজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কেশবপুর বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়কটির উন্নয়নে উদ্যোগ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর দিকনির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দ কাজটির তদারকি করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাজের বিবরণ অনুযায়ী, ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় প্যাকেজ নম্বর এলজিইডি/জিওবি/নেট/২৬-২৭/আরডব্লিউ-০৮-এর অধীনে ৪০০ মিটার সড়কে আরসিসি ঢালাই করা হয়েছে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ৭ মিটার এবং ঢালাইয়ের পুরুত্ব ১৭৫ মিলিমিটার। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৬ লাখ ৭১ হাজার ৬৫৯ টাকা। চুক্তিমূল্য ৭২ লাখ ৮৮ হাজার ৭৬ টাকা ৫০ পয়সা। গত ১৩ অক্টোবর কাজ শুরু হয়ে চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের আগেই ১৭ নভেম্বর কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্স, উত্তর সাতপাই, নেত্রকোনা কাজটি বাস্তবায়ন করেছে। নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং কলমাকান্দা উপজেলা প্রকৌশলীর সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি সম্পন্ন হয়। তবে সড়কের উন্নয়ন হলেও উব্দাখালী নদীর পাড়সংলগ্ন মোড়টি নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তাঁদের মতে, মোড়টি তুলনামূলক সংকীর্ণ হওয়ায় যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সড়কের উন্নয়নের পাশাপাশি মোড়টি আরও প্রশস্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সচেতন মহলের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে নেওয়া উন্নয়ন উদ্যোগের ধারাবাহিকতায় ঝুঁকিপূর্ণ মোড়টির বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এতে হাসপাতালমুখী রোগীদের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘœ হবে।
সংবাদ শিরোনাম
কথা রেখেছেন ডেপুটি স্পিকার, ৭৩ লাখ টাকায় হাসপাতাল সড়ক সংস্কার
-
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















