গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনটি মাদক মামলা (নং ২৫, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এর বুধবার (২৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ওসি জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে জামালপুর বাগমারপাড়া এলাকার মোল্লারটেক এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালান। সেখান থেকে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো সাইদুল ইসলাম (লিপু), পনির হাসান, কাউছার, নাবিদুল, সাইম কিবরিয়া ও আতিকুল্লাহ (তাওছিন)। এসময় তাদের কাছ থেকে মোট ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ৩টি পাইপ উদ্ধার করা হয়। অপরদিকে, একই দিন রাত ১০টা দিকে শিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস(৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। তার বসতবাড়ির কাচারিঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও, ওদের রাত ৯টার দিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৃথক অভিযানে সমীর বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৫ লিটার মদ তৈরির উপকরণ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি লোহার চুলা উদ্ধার করা হয়। ওসি আরো জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।