গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য রিপন এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিগান বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা পাট অধিদপ্তর অফিসের সূত্রে জানা যায়, মোট ২,৩৫১ জন কৃষকের মাঝে ২ কেজি হারে পাট বীজ বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে ২ কেজি করে বীজ প্রদান করা হয়। এর মধ্যে উন্নতমানের পাট বীজ হিসেবে তোষা পাট-৯ জাতের ৩৯০ কেজি, ও-৯৮৯৭ জাতের ১০০০ কেজি এবং যে আর ও-৫২৪ জাতের ৩,৩১২ কেজি পাট বীজ সহ সর্বমোট ৪,৭০২ কেজি পাট বীজ বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাট বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত। পাট চাষ সম্প্রসারণ এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। উন্নতমানের বীজ বিতরণের মাধ্যমে পাটের উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সঠিক নিয়মে পাট চাষ, বীজ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের বিষয়ে পরামর্শ প্রদান করেন। স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে উন্নতমানের বীজ পাওয়ায় তাদের চাষাবাদে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ শুরু হয়।