ঢাকায় শিশু রামিসার ধর্ষণকারী সহ বাংলাদেশের সকল শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯ টা ৩০ মিনিটে তুষখালী এন এস দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে তুষখালী বাসস্ট্যান্ড গোল চত্বরে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তুষখালী এন এস দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আকমল হোসাইন, মঠবাড়িয়ায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে খুন হওয়া নিহত উর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, এনএস দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, ইংরেজি শিক্ষক আবু ইউসুফ, দশম শ্রেণীর শিক্ষার্থী হাসিবুল ইসলাম। ধর্ষকের পরিচয় শুধুই ধর্ষক হোক এমন দাবি জানিয়ে বক্তারা ধর্ষকের পক্ষে বিজ্ঞ আদালতে কোন আইনজীবীকে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। সাংবাদিক জুলফিকার আমীন সোহেল রামিসার মতো ২০১৭ সালে তার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া উর্মির প্রতি ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরাও স্তব্ধ হয়ে যায়। তিনি প্রশাসনের কাছে সকল শিশু নির্যাতনকারীদের ১৫ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে নিহত রামিসা, আছিয়া, উর্মিসহ সকল শিশুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান।
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় শিশু রামিসার ধর্ষণকারীসহ সকল শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
-
বেল্লাল হোসাইন মঠবাড়িয়া - আপডেট সময় ০৩:১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- 112
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























