জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনের আগে কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি।’ মঙ্গলবার সকালে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নিউ ইয়র্কে অনেক উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টা ছিলেন। আমরা সকলকে বলেছি যে, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে একটা যেনতেন নির্বাচন তো সমস্যার সমাধান দেবে না। নির্বাচন তো ২০১৮ সালে, ২০২৪ সালে ও ২০১৪ সালে হয়েছে-এই নির্বাচন সমস্যা বাড়িয়েছে নাকি কমিয়েছে।’
ডা. মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। কারণ একটি ডেমোক্র্যাটিক পিপলস রিপ্রেজেনটেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে, একটা সুষ্ঠু, অবাধও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সব সমস্যার সমাধান।’
উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতার মধ্যে একজন ছিলেন ডা. তাহের। ১৩ দিনের সফর শেষে দেশে ফেরেন তিনি।