নওগাঁর বদলগাছীতে উপজেলা সদরের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান এক প্রীতি সমাবেশ করেছেন। সোমবার বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন পরিচালক জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান স.ম ফজলুল হক বাচ্চু, হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব চন্দ্র সাহা, বিভাষ কুমার অধিকারী পল্টু, বিকাশ চন্দ্র সাহা, অবসরপ্রাপ্ত অধ্যাপক উত্তম কুমার চক্রবর্তী, বিসিআইসির সার ডিলার জিতেন্দ্রনাথ মন্ডল, টিসিবির ডিলার তপন কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার মুস্তফী প্রমুখ। হিন্দু সম্প্রদায়ের বক্তাগণ বলেন, আমরা অতীতে বিভিন্ন সরকারের সময় নানাভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছি। শুধু মাত্র নির্বাচনের সময় আমাদের মানুষ হিসেবে গণ্য করা হয়। নির্বাচন শেষ হলে আমাদের কথা ভুলে যায়। আমরা বাঙ্গালী, আমাদের জন্ম বাংলাদেশে। কেন আমরা বার বার সংখ্যা লঘু হিসেবে নির্যাতনের শিকার হবো? স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে আর মর্যাদার সাথে জীবন যাপন করতে চাই। সেই অধিকার নিশ্চিত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এখানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, এখানে সবাই সমান নাগরিক। ইসলাম কখনও অন্যায় -অত্যাচারের পক্ষে কথা বলেনা। ধর্ম, বর্ণ ও গোত্রভেদে বৈষম্য ইসলাম সমর্থন করেনা। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো। আমরা এমন একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, কেউ ধর্মীয় পরিচয়ের কারনে বৈষম্যের শিকার হবেনা। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহারের জন্য নয়। শেষে উপস্থিত সকলে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য প্রত্যয় ব্যক্ত করেন।