প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। পরে নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।