পাইকগাছায় আমার দলের অনেক নেতাদের বিরুদ্ধে ঘের দখল, চাঁদাবাজি, জমি দখলের সম্পৃক্ততার অভিযোগ আছে। মনে রাখবেন, দলের যত বড় নেতাই হোক না কেন, কোন অপরাধীকে আদরের চোখে দেখা হবে না। অপরাধীকে দল থেকে বের করে দেওয়া হবে। আপনারা এসব করবেন আর আমরা দলের লোক হিসেবে আপনার পাশে থাকবো তা কখনো হবে না। পাইকগাছা প্রশাসনের দায়িত্ব যারা আছেন, শুনে রাখুন, আমার দলের কেউ যদি দখল চাঁদাবাজি করে সাথে সাথে তাকে ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কোন তদবির আমরা করবো না। থানায় কেউ দালালি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। নেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে উপরোক্ত কথা গুলো বলেছেন খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি। শনিবার দুপুরে পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করতে চায়। যারা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে বাজেট দেওয়ার কথা বলে কমিশন খেয়েছে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি আপনাদের কাছে সেই টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবো। আমি জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদা করেছিলাম, আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আমার সেই ওয়াদা পালন করবো। উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।