সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য মজুতদারি, নাশকতা ও সরবরাহে বিঘœ এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজারসহ দেশের মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য কয়েক দিন ধরেই দায়িত্ব পালন করছেন। এছাড়া ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে গুজব ঠেকাতে এবং পাম্প পর্যায়ে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুত বা কারসাজির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।