শীতের সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়েই দেখলেন, ব্যাটারির চার্জ অনেকটা কমে গেছে। আবার চার্জে বসানোর পরও আগের মতো দ্রুত চার্জ হচ্ছে না। কখনো ২০-৩০ শতাংশ চার্জ থাকা অবস্থাতেই হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে স্মার্টফোন। এমন সমস্যায় পড়লে অনেকেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে বলে চিন্তিত হন। কিন্তু সব সময় এর কারণ ফোনের ত্রুটি নয়। বাইরের তাপমাত্রা কমে যাওয়ার কারণেও স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে।
বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। অতিরিক্ত গরম যেমন ব্যাটারির জন্য ক্ষতিকর, তেমনই প্রচ- ঠান্ডাও এর স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। কেন এমন হয়, আর শীতকালে কীভাবে ফোনের ব্যাটারি ভালো রাখবেন, জেনে নিন।
ঠান্ডায় ফোনের চার্জ হতে দেরি হয় কেন?
লিথিয়াম-আয়ন ব্যাটারির ভেতরে চার্জ জমা ও সরবরাহের জন্য রাসায়নিক বিক্রিয়া এবং আয়নের চলাচল গুরুত্বপূর্ণ। তাপমাত্রা অনেক কমে গেলে এই প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়। ফলে ব্যাটারি স্বাভাবিক অবস্থার মতো দ্রুত চার্জ গ্রহণ করতে পারে না।
এ কারণে শীতের সময় ফোন চার্জে লাগানোর পরও চার্জের গতি কম দেখা যেতে পারে। তবে সব ফোনে একই মাত্রায় এই সমস্যা দেখা যায় না। ফোনের মডেল, ব্যাটারির অবস্থা এবং আশপাশের তাপমাত্রার ওপর বিষয়টি নির্ভর করে।
চার্জ থাকা সত্ত্বেও ফোন বন্ধ হয়ে যায় কেন?
শীতকালে অনেকেই লক্ষ্য করেন, ফোনে ২০ বা ৩০ শতাংশ চার্জ দেখালেও হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনেও রয়েছে কম তাপমাত্রার প্রভাব। প্রচ- ঠান্ডায় ব্যাটারির অভ্যন্তরীণ প্রতিরোধ বেড়ে যেতে পারে। ফলে ফোনের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। বিশেষ করে ব্যাটারি পুরোনো হলে বা চার্জ কম থাকলে এমন পরিস্থিতি বেশি দেখা দিতে পারে।
তবে তাপমাত্রা স্বাভাবিক হলে অনেক ক্ষেত্রে ফোন আবার চালু হয় এবং ব্যাটারির চার্জের হিসাবও কিছুটা বদলে যেতে পারে। অর্থাৎ ঠান্ডায় চার্জ দ্রুত কমে যাওয়ার অনুভূতি সব সময় ব্যাটারির স্থায়ী ক্ষতির লক্ষণ নয়।
ব্যাটারি সুরক্ষায় ফোন নিজেই কী করে?
আধুনিক স্মার্টফোনে ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকে। ব্যাটারির তাপমাত্রা নিরাপদ সীমার বাইরে চলে গেলে এই ব্যবস্থা চার্জিংয়ের গতি কমিয়ে দিতে পারে। প্রয়োজন হলে সাময়িকভাবে চার্জিং বন্ধও করে দিতে পারে। এর উদ্দেশ্য ব্যাটারিকে ক্ষতির হাত থেকে রক্ষা করা।
তাই ঠান্ডায় ফোন চার্জ হতে দেরি করলে প্রথমেই চার্জার বা ব্যাটারি নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়। তবে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়েও সমস্যা থাকলে চার্জার, কেবল ও ব্যাটারির অবস্থা পরীক্ষা করা প্রয়োজন।
শীতে ফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে
ফোন পকেটে রাখুন: বাইরে প্রচ- ঠান্ডা থাকলে দীর্ঘ সময় ফোন খোলা জায়গায় রাখবেন না। পকেট বা ব্যাগের ভেতরে রাখলে বাইরের ঠান্ডার সরাসরি প্রভাব কিছুটা কমবে।
ঠান্ডা ফোন সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না: বাইরে থেকে এসে ফোন খুব ঠান্ডা থাকলে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কিছুক্ষণ রেখে তারপর চার্জে বসান। ফোনের তাপমাত্রা স্বাভাবিক হওয়া জরুরি।
হিটার বা হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না: ঠান্ডা ফোন দ্রুত গরম করতে হিটার, আগুন কিংবা হেয়ার ড্রায়ারের সামনে রাখবেন না। হঠাৎ অতিরিক্ত তাপ ব্যাটারি ও ফোনের অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি করতে পারে।
অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখুন: প্রয়োজন না থাকলে ব্লুটুথ, লোকেশন ও ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপের ব্যবহার সীমিত করুন। স্ক্রিনের উজ্জ্বলতা কম রাখলেও ব্যাটারির খরচ কমতে পারে।
ভালো চার্জার ব্যবহার করুন: ফোনের নির্মাতার অনুমোদিত বা উপযুক্ত মানের চার্জার ও কেবল ব্যবহার করুন। নি¤œমানের চার্জিং সরঞ্জাম ব্যাটারির সমস্যা বাড়াতে পারে।
কখন সতর্ক হবেন?
শীতের কারণে ব্যাটারির কার্যক্ষমতা সাময়িকভাবে কমতে পারে। কিন্তু ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও যদি ফোন দ্রুত চার্জ হারায়, বারবার বন্ধ হয়ে যায় কিংবা চার্জ হতে অস্বাভাবিক সময় নেয়, তাহলে সেটিকে শুধু আবহাওয়ার প্রভাব বলে এড়িয়ে যাবেন না। ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো।
মনে রাখতে হবে, স্মার্টফোনও আবহাওয়ার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। শীতে যেমন নিজের যতেœ বাড়তি সতর্কতা প্রয়োজন, তেমনই ফোনকেও দিতে হবে একটু বাড়তি খেয়াল। কারণ ঠান্ডা থেকে বাঁচাতে গিয়ে ভুলভাবে গরম করতে গেলেই ব্যাটারির বিপদ আরও বাড়তে পারে।
সংবাদ শিরোনাম
শীতে ফোনের চার্জ হতে দেরি হচ্ছে, কারণ জানেন কি?
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























