উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এমপি হাফিজ ইব্রাহিম বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ উন্নয়নকে আরও গতিশীল করে। আমি সবসময় সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে চাই এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে চাই। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা গতকাল সোমবার ১ জুন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, কাজী শহীদুল আলম নাসিমসহ দলের অন্যান্য নেতারা।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও নিরপেক্ষতা। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলব। কোনো ধরনের মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ গণমাধ্যমের
বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নৈতিকতার প্রতি অটল থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। পেশাদার সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক জনগণের স্বার্থেই আরও সুদৃঢ় হওয়া উচিত।
সভায় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, বোরহানউদ্দিনে বিদ্যমান গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এলাকায় আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়িত হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় উন্নয়নও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বোরহানউদ্দিনে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি পেলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।
পৌর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বাজার সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় বাস্তবায়নের সুযোগ না পাওয়ায় কাজটি এগোয়নি। এখন নতুনভাবে পরিকল্পনা নিয়ে বাজার সম্প্রসারণ করা হবে। তিনি উপজেলার ৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে উপজেলার সাংবাদিক নেতারা বলেন, বোরহানউদ্দিনে এই প্রথম কোনো সংসদ সদস্য সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিক ‘মিট দ্য প্রেস’ আয়োজন করেছেন। এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের মুখোমুখি এমপি হাফিজ ইব্রাহিম
আমি সবসময় সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে চাই
-
মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা - আপডেট সময় ০৯:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- 118
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























