সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনিয়ম ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করা, দক্ষ টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট না থাকা এবং নিজস্ব চিকিৎসক ও লেবার রুম না থাকাসহ দাাবিভিন্ন অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্লিনিক সিলগালা করা হবে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, জ্বর কমে গেলেই ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। প্লাজমা লিকেজের ঝুঁকি থাকায় রোগীকে অন্তত চার দিন পর্যবেক্ষণে রাখতে হবে। পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের প্রত্যেক উপজেলায় ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও প্রসূতি মায়েদের জন্য ২০টি, শিশুদের জন্য ২০টি এবং ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যা রাখার পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস বেড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় বা নারায়ণগঞ্জে যেতে হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ইউনিয়ন পর্যায়ে নতুন হেলথ সেন্টার এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে হেলথ হাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবার অনিয়ম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক সিলগালা করা হবে-স্বাস্থ্যমন্ত্রী
-
হুমায়ুন কবির মুন্সীগঞ্জ - আপডেট সময় ০৭:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- 66
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























