‘শরতের রোদ আর বাতাসে ভেসে আসা দিগন্ত জোড়া সবুজ পাতার মড়মড় শব্দ, এ শব্দ সুমিষ্ট, রসালো আখের পাতার’। মাদারীপুরের কালকিনি উপজেলায় এবার ১১৫ হেক্টর জমিতে হয়েছে আখের বাম্পার ফলন। বিঘা প্রতি চার গুণ লাভের সম্ভাবনাময় এ আবাদে কৃষকের মুখে ফুটছে হাসি। উৎপাদন খরচ কম লাভ বেশি। উৎপাদনে সার, কীটনাশক খরচ কম হওয়ায় প্রতি বছর বাড়ছে এর আবাদ। তবে নিজেদের চেষ্টায় আখ চাষে সফলতা পেলেও উপজেলা কৃষি অফিসের মিলছে না কাঙ্খিত সহায়তা। তবে কৃষি অফিস বলছে সরকারী বরাদ্দ কম থাকায় সকল চাষীকে আনা যাচ্ছে না সহায়তার আওতায়। সরকারের রয়েছে এ চাষের পরিধি বৃদ্ধির পরিকল্পনা এবং বাড়ানো হবে প্রণোদনা। সোনা ঝরা রোদ গায়ে মেখে সবুজ পাতায় দোল খাচ্ছে রসালো আখ। মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের কোল ঘেঁষে রামচন্দ্রপুর ও খুনের চর গ্রামের মেঠো পথের মাঠজুড়ে এখন কেবলই আখের রাজত্ব। মাটির বুক চিরে জাগা এসব আখের মিষ্টতা আর রসালো স্বাদে লুকিয়ে আছে এ অঞ্চলের কৃষকদের ঘামঝরা স্বপ্নের গল্প। এখানে মূলত চাষ হচ্ছে চার জাতের জনপ্রিয় আখ -সাদা বম্বাই, কাজলী গেন্ডারি, রং বিলাস আর বাঁশ গেন্ডারি। টসটসে ও সুস্বাদু হওয়ায় বাজারে এই চার জাতের আখের চাহিদা আর কদর দুটোই আকাশচুম্বী। এ বছর কালকিনিতে ১১৫ হেক্টর জমিতে হয়েছে আখের আবাদ। কৃষক জমির মিয়া ও জামাল সরদার বলেন, উৎপাদনে খরচ কম লাভ বেশি। সাদা বোম্বাই, কাজলী গেন্ডারি, রং বিলাস আর বাঁশ গেন্ডারি আবাদ বেশি হওয়ায় এর চাহিদাও ব্যাপক। বিঘা প্রতি ৩০-৪০ হাজার টাকা করচ হলেও লাভ হয় চার গুন। এ আখের চাষাবাদ করে অনেকে পেয়েছে অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি। কৃষকেরা আরো বলেন, চাষিরা নিজেদের চেষ্টা, পরিশ্রম করেই পেয়েছেন সফলতা। তাদের দাবি উপজেলা কৃষি অফিস থেকে সহায়তা কিংবা পরামর্শ পেলেই এ অঞ্চলে ঘটবে আখ চাষে কৃষি বিল্পব। এ ব্যাপারে কালকিনি উপজেলা কৃষি অফিসার সুদিপ বিশ্বাস বলেন, আখ চাষে সরকারি প্রণোদনা বা বরাদ্দ কিছুটা কম থাকায় মাত্র অল্পসংখ্যক চাষিকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামীতে আখ চাষির সংখ্যা ও পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, এবং সে অনুযায়ী প্রণোদনা আরও বাড়ানো হবে এবং কালকিনিতে ছড়িয়ে পড়বে আখের আবাদ।
সংবাদ শিরোনাম
কালকিনিতে আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
-
জাহিদ (কালকিনি) মাদারীপুর - আপডেট সময় ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























