সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আরএফসি চায়নিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। শাহ পরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মঞ্জুরী আলা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার বঞ্চিত হওয়ার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানামুখী বাধা, হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। এ ধরনের পরিস্থিতিতে কোনো সাংবাদিক যেন একা বা অসহায় বোধ না করেন, সে জন্য সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়াতে হবে। ঘটনার প্রতিবাদ, প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহণ এবং আইনগত সহায়তার বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে গনতান্ত্রিক পদ্ধদিতে সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ-এর রায়পুর প্রতিনিধি প্রদীপ কুমার রায়কে সভাপতি, দৈনিক খবরপত্রের রায়পুর প্রতিনিধি আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি মো. শাহ পরানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
-
আরিফ হোসেন (রায়পুর) লক্ষ্মীপুর - আপডেট সময় ০২:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















