শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া(৩৪) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। আটককৃত সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে। বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক
-
জাহিদুল খান সৌরভ শেরপুর - আপডেট সময় ০৭:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















