প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন? এর আগে সন্ধ্যায় তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের পরিবারের সদস্যরা বলেন, কবির হোসেন সকাল থেকেই বুকের ব্যাথা অনুভব করছিলেন। পরে সকালে তিনি টাঙ্গাইলের স্থানীয় একটি ক্লিনিকে যান। সেখানে ইসিজি করার পরে হার্টের সমস্যা ধরা পড়ে। পরবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তাৎক্ষণিক ওষুধ খান। এসময় তিনি কিছুটা সুস্থতা অনুভব করলে নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে সন্ধ্যায় তার আবারো বুকে ব্যাথা অনুভব হয়। এসময় তিনি স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে বাড়িতে আসা মাত্রই মাটিতে পড়ে যান? পরে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। গতকাল বুধবার সকালে ঘারিন্দায় তার জানাযা শেষে তাকে নিজ গ্রাম তারটিয়ার গোরস্থানে দাফন করা হয়। তার জানাযায় বিএনপিসহ গণ্যমান্য ব্যাক্তি ও মুসল্লীরা অংশ নেন। কবির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তাকে ‘ভুয়া কৃষক’ হিসেবে আখ্যায়িত করে নানা ধরনের প্রচারণা চালায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত করে। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে বিতর্কের অবসান ঘটে। স্থানীয়রা জানান, কবির হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। কৃষিকাজের পাশাপাশি তিনি এলাকার মানুষের কাছে একজন পরিচিত মুখ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পরও তিনি স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রেখেছিলেন। তবে তার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখন থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বুধবার সকাল ৮ টায় কবির হোসেনের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস এ প্রতিবেদককে বলেন, হাসপাতালে আসার আগেই কবির হোসেনের মৃত্যু হয়েছে।
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কার্ড নিয়ে ভাইরাল হওয়া টাঙ্গাইলের সেই কৃষক কবির হোসেনের মৃত্যু
-
শামসাদুল আখতার শামীম (স্টাফ রিপোর্টার) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- 99
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























