মুন্সীগঞ্জের আলোচিত নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবিতে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নিহত জসিম নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি সংঘটিত নৃশংস হত্যাকা-ের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো সব আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। কয়েকজন আসামি বিদেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ জামিনে মুক্ত রয়েছেন। এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, জামিন বাতিল এবং মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের বাবা মো. মাফিক নায়েব বলেন, ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় পার হলেও এখনো অনেক আসামি গ্রেপ্তারের বাইরে রয়েছে। তারা ন্যায়বিচার চান এবং কোনো আসামি যেন জামিনে মুক্ত হয়ে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে না পারে, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন জসিম নায়েব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. মাফিক নায়েব বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা নং-২৪, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ মূলে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধন শেষে মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদ শিরোনাম
জসিম নায়েব হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন
-
মুন্সীগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০৪:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 106
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















