মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বুধবার (৮ জুলাই) দুপুরে তিনি নদীভাঙন ঝুঁকিতে থাকা এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গেও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে ইসমানিরচরের দেলোয়ার মিয়ার বাড়ি থেকে জেলেপাড়া পর্যন্ত নদীতীরের ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর জানমাল, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় তিনি গত মে মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেছিলেন বলে জানান। সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসমানিরচর এলাকায় নদীভাঙনের আশঙ্কা বেড়ে গেছে। নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে তীরবর্তী বসতঘর, ফসলি জমি ও গাছপালা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললেও তা নদীর প্রবল স্রোতের কাছে টিকছে না। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় তাদের। অনেক পরিবার ইতোমধ্যে একাধিকবার বসতভিটা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ভাঙনের কারণে কৃষিজমি হারিয়ে জীবিকা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, গজারিয়ার ইসমানিরচর নদীভাঙন এলাকার স্থায়ী সুরক্ষার জন্য আমি ডিও লেটার দিয়েছি। অচিরেই এ সংক্রান্ত কাজ শুরু হবে বলে আশা করছি। এলাকাবাসী দ্রুত নদীভাঙন রোধে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে শতাধিক পরিবারের বসতভিটা ও জানমাল রক্ষা পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ ও আতঙ্কের অবসান ঘটবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) হামিদা মোস্তফা, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মাসুদ ফারুক, সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
সংবাদ শিরোনাম
গজারিয়ার ইসমানিরচরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন
-
গজারিয়া প্রতিনিধি - আপডেট সময় ০৪:০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 94
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















