মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার মধ্যে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন নারী শিক্ষার্থী। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো, কালকিনি পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার(১১), একই এলাকার সিরাজুল তালুকদারের মেয়ে জান্নাত(১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার(১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা(১১), আরিফ সরদারের মেয়ে সুলতানা(১১)। আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও গুরুতর আহত আবিদা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদ্রাসার ভেতর প্রবেশ করলে, ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ হয়। বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদ্রাসার অন্তত ৫ জন শিক্ষার্থী। দ্রুত এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। মাদ্রাসার মধ্যে বসবাসকারী ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানিনা। ওই মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত। কিভাবে কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না আমরা। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ঘটনা অনুসন্ধানে এরইমধ্যে কাজ শুরু করেছে পুলিশ, র্যাব ও সিআইডি। এছাড়াও মাঠে রয়েছে অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মাদ্রাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। এটি জর্দার কৌটার মত বা অনেকটা টেনিস বলের মত ছিল। গতকাল থেকে মাদ্রাসার সিড়ির গোড়ায় পড়া ছিল, হাতে নিয়ে বাচ্চারা নড়াচড়াও করেছে। আজ সকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে ৫ নারী শিক্ষার্থী আহত হয়েছে। এখানে এই বোমাটি কিভাবে এলো তা নিয়ে আমাদের অনুসন্ধান ও তদন্ত চলছে। পুরো মাদ্রাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ শিরোনাম
কালকিনিতে মাদ্রাসার মধ্যে হাতবোমার বিস্ফোরণ, আহত ৫ নারী শিক্ষার্থী
-
জাহিদ (কালকিনি) মাদারীপুর - আপডেট সময় ০৯:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 44
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























