বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে নতুন আশার সঞ্চার হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্যগত সমস্যা। এ রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমান উল্লাহ আমান আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ডেঙ্গুসহ জনস্বাস্থ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এর সভাপতিত্বে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদে থেকেও সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি ব্যবহৃত টিস্যু যথাস্থানে ফেলছেন, ট্রাফিক আইন মেনে চলছেন এবং হেঁটে যথাসময়ে অফিসে যাচ্ছেন। তার এসব কর্মকান্ড অন্যদের জন্যও দৃষ্টান্তমূলক। আমান উল্লাহ আমান বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো বিষয়ে প্রয়োজন হলে আইনের আশ্রয় নিতে হবে এবং আইনগত পরামর্শ নিতে হবে। তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও একটি মহল সংকট সৃষ্টি হয়েছে বলে প্রচার করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। নিষিদ্ধ রাজনৈতিক দলের লোকজন দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। কেরাণীগঞ্জ প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, কেরাণীগঞ্জে কোনো মাদকসেবী বা মাদক বিক্রেতা থাকতে পারবে না। এখানে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলবে না। কেরাণীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে নতুন আশার সঞ্চার-আমান উল্লাহ আমান
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০১:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- 26
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























