বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি। কয়েক দিন আগে জামায়াতের এক নেতা এক নারীকে বিনা টিকিটে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন ,এমন মন্তব্য করে তিনি বলেন, এ যেন তাদের মরার আগেই জান্নাত দেওয়া। রসিকতার সুরে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, এনসিপি ও জামায়াতের কথামতো বর্তমান সরকার যদি পদত্যাগ করে, তাহলে তারা দেহত্যাগ করারও সময় পাবে না। গতকাল শনিবার সকালে ঢাকা-৩ আসনের জিনজিরাস্থ পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সামী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায়। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একসময় বিশ্বে মানুষ জিয়াউর রহমানকে চিনত, বাংলাদেশকে চিনত না। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা একসময় জুতা পায়ে দিয়ে স্কুলে যেতাম না। জুতা পায়ে দিয়ে স্কুলে গেলে সেটাকে বেয়াদবি মনে করা হতো। এটি ছিল আমাদের সবচেয়ে বড় কুসংস্কার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত সরকার দেশে যে অর্থনীতি রেখে গেছে, তা হতাশাজনক। তাই ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি বলেন, গত ১৭ বছরে তারেক রহমানের পরিবারের মতো আর কেউ নির্যাতিত হয়নি। আমাদের লাখ লাখ নেতাকর্মী গুম ও খুনের শিকার হওয়ার পর আমরা ৫ আগস্ট পেয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা জাতির মেরুদন্ড। সেই মেরুদন্ড যেন ভেঙে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি-গয়েশ্বর
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০৮:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 12
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















