ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান -এর হাত ধরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, তেমনি দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন তারেক রহমান। স্বনির্ভর ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার চিন্তা করেছিলেন জিয়াউর রহমান, আর সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে ঢাকা-২ আসনের আটি-পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে লাল কমল সংসদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাল কমল সংসদের আহ্বায়ক হাজী তারেক ইমাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, দেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর বিএনপি মানেই উন্নয়ন। বিএনপি জনগণের দল, বিএনপি দেশের ভবিষ্যৎ। যখনই বিএনপি ক্ষমতায় আসে, তখনই দেশের মানুষ শান্তিতে থাকে এবং উন্নয়নের ছোঁয়া পায়। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দেশের মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা পেয়েছে। জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হয়েছে। তারেক রহমানের সাদাসিধে জীবনযাপন এ দেশের মানুষের হৃদয় জয় করেছে। দেশের মানুষ তার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। তিনি আরও বলেন, কেরাণীগঞ্জের ঢাকা-২ আসনকে একটি আধুনিক, মাদকমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তারেক রহমানের হাত ধরে-আমান উল্লাহ আমান
-
শামীম আহম্মেদ (কেরাণীগঞ্জ) ঢাকা - আপডেট সময় ০১:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























