পাহাড়ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের শহর নেপালের পোখারা। দুই পাশে উঁচু পাহাড়, সামনে মেঘছোঁয়া পর্বতশ্রেণি আর নীল আকাশের মায়াবি আবহে শুরু হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। মহরতের মধ্য দিয়ে শুরু হওয়া সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির শুটিংয়ের প্রথম দিন পোখারার লোকেশনে একে একে হাজির হন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি ও ‘জিল্লু’খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। শুটিং শুরুর আগে শিল্পীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কেউ আড্ডায় মগ্ন, কেউ আবার ব্যস্ত ছিলেন ভক্তদের সঙ্গে ছবি তুলতে।
এরপর শুরু হয় সিনেমাটির মহরতের আনুষ্ঠানিকতা। নিজস্ব রীতি ও নিয়ম অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন সিনেমাটির প্রধান অভিনেতা মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে সিনেমাটির শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় দৃশ্যধারণের কাজ।
কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’ সিনেমায় বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা কাজ করছেন। নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে মাসজুড়ে চলবে সিনেমাটির শুটিং।
সিনেমাটির গল্পে নিজের চরিত্র ও কাজের সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, “যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরো একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।”
এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও ‘শিকার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা মুর্তজা পলাশের। সিনেমায় অভিষেক নিয়ে তিনি বলেন, “প্রথমবারের মতো সিনেমা করছি। কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা অনুযায়ী গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি। আজ আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি, গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে।”
নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, নেপালের বিভিন্ন মনোরম পরিবেশে মাসজুড়ে সিনেমাটির শুটিং চলবে। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত ‘শিকার’ আগামী বছরের ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংবাদ শিরোনাম
‘শিকার’ সিনেমার মহরত
-
বিনোদন: - আপডেট সময় ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- 114
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























