শিশুদের শিক্ষা ও চরিত্র গঠনে ভয়ভীতি কিংবা শারীরিক শাস্তির পরিবর্তে স্নেহ, পারস্পরিক সম্মান ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রখ্যাত আলেম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ড. সাজ্জাদ নোমানি।
সম্প্রতি বাংলাদেশ সফরকালে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে দেশের বিশিষ্ট আলেমদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে ড. সাজ্জাদ নোমানি বলেন, অনেক ইংরেজি মাধ্যম বা আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্নেহ, ভালোবাসা ও ইতিবাচক পদ্ধতি অনুসরণ করা হয়। অথচ কিছু মাদরাসায় এখনো শাসনের নামে শিক্ষার্থীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন কিংবা কঠোর আচরণের খবর পাওয়া যায়। এ ধরনের নেতিবাচক পরিবেশ শিশুর স্বাভাবিক মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহকে মারাত্মকভাবে ব্যাহত করে।
তিনি আরো জোর দিয়ে বলেন, শিশুদের ভয় দেখিয়ে নয়, বরং সন্তানতুল্য মমতা ও ভালো ব্যবহার দিয়ে শেখাতে হবে।
শিক্ষক যখন শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন, তখনই তারা আত্মবিশ্বাসী ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে।
তবে এ ধরনের কঠোর শাসন পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশসহ পুরো উপমহাদেশে অধিকাংশ মাদরাসাতেই অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু নির্যাতন বা অমানবিক আচরণের ঘটনাগুলো কিছু বিচ্ছিন্ন প্রতিষ্ঠানে ঘটে এবং এমন শিক্ষকের সংখ্যাও সামান্য।
সেমিনারে উপস্থিত বাংলাদেশের জ্যেষ্ঠ আলেমরা ড. সাজ্জাদ নোমানির এই বক্তব্যকে সময়োপযোগী বলে আখ্যা দেন।
একই সঙ্গে তারা দেশের সব মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্নেহপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
মাদরাসায় মারধর নয়, শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান সাজ্জাদ নোমানির
-
ইসলামী জীবন ডেস্ক - আপডেট সময় ১১:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 145
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























