কলা ও আপেল প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশযুক্ত খাবারের সঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ছবি: এআই দিয়ে তৈরি।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক খাদ্যতালিকায় কলা ও আপেল রাখা যায়। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কীভাবে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাবে না। পরিমাণমতো ফল খাওয়া, প্রক্রিয়াজাত ফলের বদলে আস্ত ফল বেছে নেওয়া এবং প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশযুক্ত খাবারের সঙ্গে কলা ও আপেল খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।
ওটসের সঙ্গে মিশিয়ে খান
ওটসের সঙ্গে সাধারণ গ্রিক দই, দুধ ও চিয়া বীজ মিশিয়ে কুচি করা আপেল বা কলা যোগ করুন। শর্করা বেশি থাকলেও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক খাদ্যতালিকায় ওটস রাখা যায়। গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ওটস খাওয়ার সঙ্গে খালি পেটে রক্তে শর্করা, হিমোগ্লোবিন এ১সি ও ইনসুলিন প্রতিরোধের সূচক কম থাকার সম্পর্ক রয়েছে।
সকালের খাবারটি আরও স্বাস্থ্যকর করতে বাড়তি মিষ্টি উপাদান না দিয়ে সেদ্ধ আপেল বা অতিরিক্ত পাকা কলা ব্যবহার করুন। কলা বেশি পাকার সঙ্গে সঙ্গে এর শ্বেতসার ভেঙে শর্করায় পরিণত হয়। একইভাবে আপেল রান্না করলেও শ্বেতসার ভেঙে ফলটি বেশি মিষ্টি হয়।
বাদামের মাখনের সঙ্গে খান
ফল ও বাদাম দিয়ে তৈরি খাবার বেশ জনপ্রিয়। এর একটি কারণ হলো, বাদামের মাখনে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন থাকে, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, শুধু শর্করাজাতীয় খাবারের পরিবর্তে দুই টেবিল চামচ পিনাট বাটারসহ খাবার খেলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কম বাড়ে।
আপেল পাতলা করে কেটে তার ওপর বাদামের মাখন ছড়িয়ে কুমড়ার বীজ ছিটিয়ে তৈরি করতে পারেন আপেলের নাচোস। আবার কলা আড়াআড়িভাবে কেটে দুই ভাগের মাঝখানে বাদামের মাখন দিয়ে তৈরি করতে পারেন ফলের স্যান্ডউইচ।
সকালের খাবারে কলার বিশেষ পদ রাখুন
একটি কলা লম্বালম্বিভাবে দুই ভাগ করে মাঝখানে সাধারণ গ্রিক দই দিন। ওপর থেকে কুচি করা আখরোট, চিয়া বীজ ও চিনি ছাড়া কোকো পাউডার ছড়িয়ে দিন। সকালের খাবার হিসেবে এই পদ রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে। গ্রিক দইয়ের প্রোটিন এবং বাদাম ও বীজের চর্বি ও আঁশ একসঙ্গে কাজ করে। ফলে শর্করাজাতীয় খাবার খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে।
গবেষণায় দেখা গেছে, সপ্তাহে তিনবার বা দুই কাপ দই খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। দইয়ের পুষ্টি উপাদান ও গাঁজন প্রক্রিয়া রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
ঝাল বা নোনতা খাবারেও আপেল যোগ করুন
ফল শুধু মিষ্টি খাবারেই নয়, ঝাল বা নোনতা খাবারেও ব্যবহার করা যায়। আপেল খাবারে মচমচে ভাব ও হালকা মিষ্টি স্বাদ যোগ করে। পাতাযুক্ত শাক, কুমড়ার বীজ ও মসুর ডালের সালাদে কুচি করা আপেল মেশাতে পারেন। মুরগির মাংস বা ছোলার সালাদেও আপেলের টুকরা যোগ করা যায়।
উদ্ভিজ্জ, দুগ্ধজাত বা প্রাণিজ প্রোটিনের সঙ্গে ফল খেলে খাবারের পর রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস নেই, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এ প্রভাব দেখা যায়।
কলা ও আপেল রক্তে শর্করার মাত্রায় কী প্রভাব ফেলে?
কলা ও আপেলে শর্করা থাকে। তাই এসব ফল খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে। তবে আপেল ও কলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা কতটা বাড়বে, তা নির্ভর করে ফলের পরিমাণ এবং এর সঙ্গে অন্য কী খাবার খাওয়া হচ্ছে তার ওপর।
গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে ফল খাওয়ার সঙ্গে প্রি-ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। আস্ত ফলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, পানি ও আঁশ থাকে। এসব উপাদান শর্করার বিপাকপ্রক্রিয়ায় প্রভাব ফেলে। ফল খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্কের পেছনেও এসব পুষ্টি উপাদানের ভূমিকা থাকতে পারে।
সূত্র: ভেরিওয়েল হেলথ
সংবাদ শিরোনাম
রক্তে শর্করা নিয়ন্ত্রণে যেভাবে খাবেন কলা ও আপেল
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১২:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 9
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























