ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ সেশনে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিম এর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা নবগঠিত কমিটির নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এদিকে, সংগঠনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিশৃঙ্খলাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামস’র পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন সংগঠনের মডারেটর। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশৃঙ্খলার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংগঠনে তার পদ স্থগিত থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. শাহ সুফি ওয়াছি মিয়া। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ’আমি পূর্ণ নিষ্ঠা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। আশা রাখছি, নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের সাংগঠনিক মূল্যবোধ সমুন্নত রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন। খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করব। নতুন নেতৃত্বের প্রতি আমার আন্তরিক শুভকামনা ও অভিনন্দন রইল।’
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ বিশ্বাস করে, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে কাজের ধারা অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি শাকিল এবং সাধারণ সম্পাদক নুসরাত জাহান
-
শাহ বুলবুল: - আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 205
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























