এআই প্রযুক্তির দুনিয়ায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে গুগলের জেমিনি। এর অন্যতম বড় আকর্ষণ হলো ব্যবহারকারীর নির্দেশের অপেক্ষা না করেই খুব অল্প সময়ের মধ্যে পছন্দমতো ছবি তৈরি করে দেওয়ার সক্ষমতা। তবে এতদিন একটি বড় সীমাবদ্ধতা ছিল নিখুঁত ফল পেতে হলে প্রম্পট বা নির্দেশনা দিতে হত অনেক বিস্তারিতভাবে। সামান্য ভুল হলেই কাঙ্ক্ষিত ছবির সঙ্গে মিল থাকত না, যা অনেক ব্যবহারকারীর জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষ করে, অন্য কারো তৈরি করা কোনো ছবি ভালো লাগলেও, সেই একই রকম ছবি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যেত যদি সঠিক প্রম্পট জানা না থাকত। এই সমস্যার সমাধান আনতেই এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে গুগল।
নতুন আপডেট অনুযায়ী, ব্যবহারকারীদের আর দীর্ঘ বর্ণনা দিতে হবে না। খুব সাধারণভাবে নিজের চাহিদা জানালেই এআই তা বুঝে নিতে পারবে। কারণ, এবার গুগল তাদের সেবা গুগল ফটোস এবং জি-মেইলের সঙ্গে জেমিনির সংযোগ আরও শক্তিশালী করছে।
এর ফলে, ব্যবহারকারীর ফোনে থাকা ছবি, ই-মেইল ও বিভিন্ন অ্যাক্টিভিটি বিশ্লেষণ করে এআই তার পছন্দ-অপছন্দ, আগ্রহ এবং ব্যবহারের ধরণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করতে পারবে। অর্থাৎ, এআই ধীরে ধীরে হয়ে উঠবে আরও ব্যক্তিগতকৃত সহকারী।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ শুধু বলে ‘পরিবারের সঙ্গে একটি ছবি তৈরি করো’, তাহলে জেমিনি নিজেই গুগল ফটোসে থাকা ছবিগুলো বিশ্লেষণ করে পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারবে এবং সেই অনুযায়ী একটি বাস্তবসম্মত ছবি তৈরি করবে। এমনকি ব্যবহারকারীর পছন্দের পরিবেশ বা স্টাইলও এতে প্রতিফলিত হতে পারে।
এই নতুন ফিচার ইমেজ জেনারেশনকে যেমন সহজ করবে, তেমনি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও স্বতঃস্ফূর্ত ও ব্যক্তিনির্ভর করে তুলবে। তবে এর পাশাপাশি ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি নিয়ে গোপনীয়তার প্রশ্নও সামনে আসতে পারে।
সূত্র: এনগ্যাজেট
সংবাদ শিরোনাম
ফোনের ছবি বিশ্লেষণ করে এআই ছবি বানিয়ে দেবে জেমিনি
-
আইটি ডেস্ক: - আপডেট সময় ০৮:১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- 176
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























