বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য বিশেষ বার্তা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় দলের সব খেলোয়াড় একসঙ্গে দেশে ফিরছেন না।
গভীর রাতে এএফএ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘২০২৬ বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা প্রতিটি আর্জেন্টাইনকে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাসহ পুরো জাতীয় দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
এএফএ আরও জানায়, প্রতিটি স্টেডিয়াম, প্রতিটি শহর এবং আর্জেন্টিনার প্রতিটি প্রান্ত থেকে সমর্থকদের যে ভালোবাসা ও সমর্থন মিলেছে, সেটিই দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘পতাকা, বার্তা, শোভাযাত্রা, আলিঙ্গন এবং নিঃশর্ত সমর্থন আবারও প্রমাণ করেছে, আর্জেন্টিনা জাতীয় দল পুরো দেশের অমূল্য সম্পদ। মাঠে প্রতিটি খেলোয়াড় সেই ভালোবাসা অনুভব করেছে এবং এমন একটি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত, যারা কখনো তাদের ওপর বিশ্বাস হারায়নি।’
এএফএ জানিয়েছে, দলের একটি অংশ খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা সোমবার আর্জেন্টিনায় ফিরবেন। তাদের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
তবে সব ফুটবলার দেশে ফিরছেন না। কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাবে যোগ দিতে অথবা ছুটিতে যাওয়ার উদ্দেশ্যে অন্য গন্তব্যে রওনা হবেন। যদিও কারা সরাসরি দেশে ফিরবেন না, সে বিষয়ে এএফএ কোনো নাম প্রকাশ করেনি।
বিবৃতির শেষ অংশে সমর্থকদের উদ্দেশে এএফএ লিখেছে, ‘আনন্দের সময় যেমন আমাদের পাশে ছিলেন, কঠিন সময়েও তেমনি ছিলেন। এজন্য আপনাদের ধন্যবাদ। আমরা সবাই মিলে এই জার্সিকে রক্ষা করি, আর আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করার গর্বই ভবিষ্যতের প্রতিটি চ্যালেঞ্জে আমাদের শক্তি হয়ে থাকবে।’
এদিকে জাতীয় দলকে স্বাগত জানাতে এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের ঘাসে বিশাল অক্ষরে ‘গ্রাসিয়াস!’ (ধন্যবাদ) লেখা হয়েছে। প্রায় ১৫০ মিটার দীর্ঘ এই বার্তাটি আকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। শিরোপা না জিতলেও বিশ্বকাপে দলের লড়াকু মানসিকতার প্রতি সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
সংবাদ শিরোনাম
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আর্জেন্টাইন ফেডারেশনের আবেগঘন বার্তা
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ১২:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 57
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























